
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। বাহরাইনের একটি জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘরে থাকার নির্দেশ দিয়েছে। খবর এএফপি'র।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, “মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে ইরান এই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।”
মন্ত্রণালয় মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। হামলার পরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে, এবং ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা নেওয়া হয়েছে।
এসময় ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে পৌঁছেছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। তবে যুদ্ধ শেষ হওয়ার কোনো চিহ্ন এখনও দেখা যাচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।