
ইরানে চলমান সামরিক অভিযানে ব্যাপক হামলার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, অপারেশন ‘এপিক ফিউরি’ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৬ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সেন্টকমের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অভিযানে ইরানের প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন স্থাপনকারী নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। এছাড়া হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের বিভিন্ন কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, ভোর প্রায় ৫টা পর্যন্ত এসব হামলা অব্যাহত ছিল।
শুক্রবার সকালে আরাক শহরে বিমান হামলার একাধিক ছবি প্রকাশিত হয়েছে। একই ধরনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে কারাজ থেকেও ছড়িয়ে পড়েছে।
তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকালে হওয়া বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।
বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিশেষ করে দক্ষিণ তেহরানে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুদ্ধ পরিস্থিতি দ্রুত এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরান প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং এটি ভালোভাবেই এগোচ্ছে। তিনি ইরানকে সন্ত্রাস ও ঘৃণার জাতি হিসেবে উল্লেখ করে ইঙ্গিত দেন যে দেশটি এখন বড় ধরনের মূল্য দিচ্ছে।
ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত এই ইরান অভিযান স্বল্পমেয়াদি হবে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।