
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে একটি এফ-১৫ যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান।
রবিবার দেশটির বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলের আকাশে শত্রুপক্ষের একটি এফ-১৫ যুদ্ধবিমান শনাক্ত করার পর সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, হরমুজ দ্বীপসংলগ্ন দক্ষিণ উপকূলীয় এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি এফ-১৫ যুদ্ধবিমান শনাক্ত করা হয়। এরপর সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটিতে আঘাত হানে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের উসকানিমূলক সামরিক অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।
বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই হামলাগুলোতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন এবং অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়।
এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান চালিয়েছে বলে জানানো হয়েছে। দখলকৃত এলাকা এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।