
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কঠোর বার্তা দিলেন পোপ চতুর্দশ লিও—তিনি বলেছেন, যুদ্ধপ্রবণদের প্রার্থনা সৃষ্টিকর্তা গ্রহণ করেন না।
রোববার (২৯ মার্চ) পাম সানডে উপলক্ষে ধর্মোপদেশে এ মন্তব্য করেন তিনি। বক্তব্যে পোপ বলেন, “সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।” এ সময় তিনি সংঘাতকবলিত অঞ্চলের খ্রিষ্টানদের দুর্দশার কথাও তুলে ধরেন এবং জানান, তারা স্বাভাবিকভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারছেন না।
এর আগে গত সপ্তাহেও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন পোপ। তখন তিনি উল্লেখ করেন, সংঘাতের কারণে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসার আহ্বান জানান।
চতুর্দশ লিও প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে যুদ্ধের বিরোধিতা করে শান্তিপূর্ণ আলোচনার ওপর গুরুত্বারোপ করে আসছেন। তবে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার বিষয়ে তিনি সতর্ক অবস্থান বজায় রেখেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষকে সরাসরি দায়ী না করেই তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছেন।