
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৯টায় তিনি এই ভাষণ প্রদান করবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ইরান পরিস্থিতি নিয়ে সর্বশেষ অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য তুলে ধরবেন প্রেসিডেন্ট। তবে ভাষণের নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কাজটি শেষ করার পথে। সম্ভবত দুই সপ্তাহের মধ্যে শেষ হবে, তবে পুরোপুরি শেষ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।’
একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে চায়, তবে এর আগে কোনো সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
ট্রাম্প আরও বলেন, ‘ইরান চুক্তিতে না এলেও যুক্তরাষ্ট্র নিজের অবস্থান থেকে সরে আসবে না। চুক্তি মানতে ইরানের কোন বাধ্যবাধকতা নেই, তবে যুক্তরাষ্ট্র চাইলে কোন চুক্তি ছাড়াই এই সংঘাতের ইতি টানতে পারে।’
এই ভাষণের মাধ্যমে ইরান-সংকটের পরবর্তী কৌশল সম্পর্কে ওয়াশিংটনের অবস্থান আরও স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি