
ইরানের তেল স্থাপনায় কোনো আক্রমণ হলে সমপরিমাণ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল সাকাব এসফাহানি। এমন বার্তায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে জ্বালানি-নির্ভর এই অঞ্চলে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি-এর বরাতে জানা গেছে, এসফাহানি বলেছেন—প্রতিপক্ষ আবারও হামলার পথ বেছে নিলে ইরান ‘চোখের বদলে চোখ’ নীতিতেই জবাব দেবে। তিনি সতর্ক করে বলেন, ইরানের কোনো তেলকূপে আঘাত হানলে যে দেশের ভূখণ্ড ব্যবহার করে সেই হামলা চালানো হবে, সেই দেশের তেল স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।
তেহরানে চলমান কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় ইরান শক্ত অবস্থানে রয়েছে এবং প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে সক্ষম হয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে এসফাহানি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের তেল স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান