
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি সংশোধিত শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রস্তাব হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক।
তিনি জানান, প্রস্তাবটি এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, তবে এটি চলমান আলোচনার ধারাবাহিক অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান বর্তমানে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
এর আগে ইরান যে প্রস্তাব দিয়েছিল, সেখানে যুদ্ধবিরতির পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, যুদ্ধ চলমান অবস্থাতেই পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত সমঝোতা দরকার।
নতুন প্রস্তাবের বিষয়বস্তু এখনো প্রকাশ না হলেও কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এতে আগের তুলনায় কিছু সংশোধন আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের পূর্ববর্তী প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে।
এদিকে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পরে পাল্টা হামলা ও সংঘাতের মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সতর্ক করে বলেছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে।