
নিউ ইয়র্ক সিটির ফার্স্ট লেডি রামা দুয়াজির সঙ্গে একটি ব্যক্তিগত ও আকস্মিক সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন বর্তমান ‘মিস ইসরাইল’ মেলানি শিরাজ। কট্টর ইসরাইলবিরোধী হিসেবে পরিচিত ফার্স্ট লেডিকে ক্যাফেতে একা পেয়ে মেলানি তর্কে জড়ানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন, যা নিয়ে নেটিজেনদের মাঝে বইছে সমালোচনার ঝড়।
ক্যাফেতে আকস্মিক সেই সাক্ষাৎ
ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের একটি ক্যাফেতে। মেলানি শিরাজ জানান, ইসরাইলি কনসুলেটের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে কফি খেতে বসেছিলেন তিনি। সেখানেই আকস্মিকভাবে হাজির হন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির স্ত্রী এবং পেশায় শিল্পী রামা দুয়াজি। আগে থেকেই দুয়াজির ইসরাইলবিরোধী অবস্থানের কথা জানতেন মেলানি, তাই সুযোগ পেয়েই তিনি ফার্স্ট লেডির মুখোমুখি হন।
পরিচয় গোপন রেখে কথোপকথন
মেলানি শিরাজ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, ‘শুরুতে আমি নিজের আসল পরিচয় না দিয়ে শুধু ‘মেলানি’ হিসেবে পরিচয় দিই। তিনি খুব হাসিমুখে কথা বলেন এবং আমার সঙ্গে ছবি তুলতেও রাজি হন। কিন্তু যখনই আমি জানালাম যে আমি একজন ইসরাইলি এবং বর্তমানের ‘মিস ইসরায়েল’, তখনই তার আচরণের ধরন বদলে যায়। যদিও ফার্স্ট লেডি হিসেবে তার দায়িত্ব অনুযায়ী তিনি যথেষ্ট মার্জিত ও সৌজন্যমূলক আচরণই বজায় রেখেছিলেন’।
শিরাজ দাবি করেন, তিনি একটি ‘ফলপ্রসূ আলোচনা’ শুরু করার চেষ্টা করেছিলেন। তিনি ফার্স্ট লেডিকে সরাসরি বলেন, ‘আপনার অনলাইনে প্রচার করা ইসরাইলবিরোধী বক্তব্যগুলো দেখে আমি হতাশ হয়েছি। ইসরাইলের প্রতিনিধি হিসেবে আমার কাজ হলো বিপক্ষ মতের মানুষের সঙ্গেও গঠনমূলক সংলাপ করা’।
উদাসীন ফার্স্ট লেডি ও ‘তাচ্ছিল্যের’ জবাব
মিস ইসরাইলের দাবি অনুযায়ী, রামা দুয়াজি এই আলাপচারিতা দীর্ঘ করতে মোটেও আগ্রহী ছিলেন না। শিরাজ তাকে প্রশ্ন করেন যে তিনি কখনো কোনো ইসরাইলির সঙ্গে কথা বলেছেন কি না। জবাবে দুয়াজি কিছুটা তাচ্ছিল্যের সুরে ‘হ্যাঁ, বলেছি’ বলে জানান এবং তার অনেক ইসরাইলি বন্ধু আছে বলেও উল্লেখ করেন।
ব্যক্তিগত গোপনীয়তা বনাম রাজনৈতিক বিতর্ক
এই ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই মেলানি শিরাজকে ধুয়ে দিচ্ছেন অনেকে। সমালোচকদের মতে, একজন ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের কথা এভাবে জনসমক্ষে প্রকাশ করা কেবল অভদ্রতাই নয়, বরং গোপনীয়তার চরম লঙ্ঘন। ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জনৈক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তিনি তো সৌজন্যমূলক আচরণই করেছেন। কারো সঙ্গেই কথা বলতে তিনি বাধ্য নন, তাহলে এখানে এতো ক্ষোভের কী আছে?”
উল্লেখ্য যে, মেয়র-পত্নী রামা দুয়াজি এর আগে তার কড়া রাজনৈতিক মন্তব্যের জন্য আলোচিত হলেও ২০২৬ সালের এপ্রিলে তিনি তার পুরনো কিছু বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তবে মেলানির এই নতুন পোস্ট সেই পুরনো বিতর্ককে আবারও উসকে দিল।