
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান যে যুদ্ধবিরতির পরিকল্পনা পাঠিয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ইরানের প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের অবস্থান জানায় তেহরান। এরপরই প্রতিক্রিয়া দেন ট্রাম্প। তিনি লেখেন, ‘ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব আমি পড়েছি। এটি আমার মোটেও পছন্দ হয়নি। পুরোপুরি অগ্রহণযোগ্য।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের প্রস্তাবে মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং লেবানন পরিস্থিতির ওপর জোর দেয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই নৌপথ আবার কবে বা কীভাবে পুরোপুরি চালু করা হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সূচি দেয়া হয়নি।
প্রস্তাবে আরও বলা হয়েছে, সব ধরনের সামরিক হামলা বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা না চালানোর নিশ্চয়তাও চেয়েছে তেহরান।
একটি আন্তর্জাতিক দৈনিকের বরাতে জানা গেছে, সমঝোতার অংশ হিসেবে নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশের ঘনত্ব কমানো এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে সরিয়ে নেয়ার প্রস্তাবও দিয়েছে ইরান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ওয়াশিংটন।
একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, ইসলামাবাদই ইরানের বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি মার্কিন প্রশাসন।