
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে আবারও কঠোর অবস্থান জানাল ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও বৈরী নীতি অব্যাহত থাকলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনোভাবেই উন্মুক্ত করা হবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নে ইরানের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ছাড় দেবে না। তার ভাষ্য, ইরানের জনগণের অধিকারকে সম্মান জানানোই এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় উন্মুক্ত হওয়ার একমাত্র পথ।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও শত্রুতাপূর্ণ আচরণ চলমান থাকলে হরমুজ প্রণালি খোলার প্রশ্নই আসে না।
বিবৃতিতে আকরামিনিয়া আরও দাবি করেন, ইসলামি বিপ্লবের শহীদ নেতাসহ নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার থেকে ইরান সরে আসবে না। যেকোনো মূল্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে এ জলপথ ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি, দ্য ডন।