
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ঘিরে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক অবকাঠামো লক্ষ্য করে তারা কয়েক দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আল-সালেম বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জামের একটি বড় গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গার লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ক্যাম্প আল-আদিরিতে থাকা দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি কুয়েতের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।