
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, পশ্চিম তীর দখলের যেকোনো উদ্যোগ ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ অতিক্রমের শামিল হবে এবং তা আব্রাহাম চুক্তির মৌলিক চেতনাকেই ক্ষতিগ্রস্ত করবে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে সংঘটিত এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক এবং চরমপন্থী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। বিবৃতিতে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে তুলকারেমের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে উল্লেখ করে ইউএই বলেছে, এ ধরনের হামলার সম্পূর্ণ দায় ইসরাইলি সরকারের ওপর বর্তায়। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
আমিরাত আরও সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচনা করা হবে। এমন পরিস্থিতি ঘৃণা, বর্ণবাদ এবং পুরো অঞ্চলের অস্থিতিশীলতাকে আরও উসকে দিতে পারে বলেও উল্লেখ করা হয়।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীর দখলসংক্রান্ত এই পরিকল্পনাকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশা-আকাঙ্ক্ষার জন্য ‘সরাসরি হুমকি’ হিসেবে বর্ণনা করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।