
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। এক চিহ্নিত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে প্রায় দুই শতাধিক ক্ষুব্ধ মানুষের ইট-পাটকেল নিক্ষেপের মুখে পড়ে পুলিশ। সংঘর্ষ ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় গ্রেপ্তার হওয়া ওই আসামি। সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্থানীয় প্রশাসন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্র আইনের একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এক অপরাধী মহনার এলাকায় আত্মগোপনে রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
তবে তাকে গ্রেপ্তারের পরপরই স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। আকস্মিক এ হামলার কারণে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় ওই আসামি।
পুলিশের অভিযোগ, ঘটনার পর ওই গোষ্ঠীর সদস্যরা স্থানীয় এক চৌকিদারকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।
এ বিষয়ে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি পলাতক আসামিসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।