
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।
অন্যদিকে, চীনের তিব্বত অঞ্চলেও ওই দুর্যোগে ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪১ জন। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে ২৬ আগস্টের ওই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৪ জনে।
নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে পর্বতারোহী এবং তিব্বতের কৈলাস-মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও রয়েছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কৈলাস অত্যন্ত পবিত্র একটি স্থান।
ভয়াবহ বন্যার স্রোতে নেপাল ও তিব্বত থেকে মরদেহ ভেসে ভারতের ভূখণ্ডেও পৌঁছেছে। ভারত থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এসব মরদেহ নেপাল ও তিব্বতের বন্যায় মৃতের সরকারি সংখ্যার সঙ্গে এখনো যুক্ত করা হয়নি।