
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে টানা ভারী বৃষ্টির পর সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
জিয়াংশির সুয়িচুয়ান কাউন্টিতে কয়েক দিন ধরে চলা মুষলধারে বৃষ্টির কারণে এ দুর্যোগের সৃষ্টি হয়। অতিবৃষ্টির ফলে সেখানে কাদা ধসসহ বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক বিপর্যয় দেখা দিয়েছে।
সাম্প্রতিক কয়েক মাসে চীনের ওই অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ভারী বৃষ্টিতে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।