
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে ইরানকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। একই সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ‘বাস্তবমুখী প্রচেষ্টার’ প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুতিন বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলায় ইরানকে সাধ্যমতো সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ইরান বাস্তবমুখী উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক সমাধানের পথ থেকে ইরান কখনোই সরে আসবে না। আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও বারবার হামলার ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছাড়বে না।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এ বৈঠক অনুষ্ঠিত হয়।