
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) আইএনএ এলাকার কাছে বিক্ষোভকারীদের আটকের সময় এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরু হওয়ার পর পুলিশ ধরপাকড় শুরু করে। এ সময় নেহা বোরাকেও আটক করা হয়।
পুলিশি বাধার মুখে এর আগে বিক্ষোভ কর্মসূচি যন্তর মন্তর থেকে দিল্লি হাটে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন নেহা বোরা। তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন তাঁদের যন্তর মন্তর হয়ে উঠবে।
এর আগে শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মসূচি শুরুর আগেই কয়েকজন পরিচিত ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।
সিজেপি বিক্ষোভকারীদের আটকের ঘটনায় পুলিশের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।