
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার পর নগরীর সব স্কুলে এক সপ্তাহের জন্য অনলাইনে পাঠদান চালুর নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এ সময় শিক্ষার্থীদের ঘরে বসেই ক্লাস করতে হবে।
রোববার (১১ অক্টোবর) অভিভাবকদের কাছে পাঠানো ইমেইলে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো রিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন পাঠদান চালু করা হলো।
হামলায় নিহত ১২, আহত তিন শতাধিক
সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার ভোরে জানায়, বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনের বেশি মানুষ। তাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত ৩ ও ৪ নম্বর টার্মিনালের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
পাল্টা জবাবের হুঁশিয়ারি
হামলার জন্য ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী এই জোট ঘটনাটিকে ‘বর্বর যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।
একই সঙ্গে হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে এ বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।