
দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে তিন বছর মেয়াদি চুক্তি করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। বুধবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষরের আগে পিয়ংইয়ং অ্যাসেম্বলি হলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। এতে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কিম চল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ অংশ নেন। বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, অভিজ্ঞতা বিনিময় এবং জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সহায়তা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী রি সু গিল এবং রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই পোডোলিশেভসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সম্মানে পিয়ংইয়ংয়ে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়।
কৌশলগত অংশীদারত্বের পর বাড়ছে সম্পর্ক
২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর থেকে দুই দেশের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিতে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুনে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মাইন অপসারণ ও অবকাঠামো পুনর্গঠনের কাজে ছয় হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় পিয়ংইয়ং।
নতুন দুর্যোগ ব্যবস্থাপনা চুক্তির মাধ্যমে দুই দেশের সহযোগিতা এখন জরুরি পরিস্থিতি মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিস্তৃত হলো।