.jpg)
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় নিজেদের শর্ত পূরণের জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইরাকের টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।
ইরানের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সাত দিনের উদ্যোগের ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের উত্থাপিত শর্তগুলো মেনে নিতে হবে।
আরাগচির দাবি, ওয়াশিংটন এসব শর্তে সম্মতি জানিয়েছে। তবে একই সঙ্গে চুক্তির সঙ্গে অতিরিক্ত কিছু বিষয় যুক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনার টেবিল এখনো রয়েছে।’ যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে চললে হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়া হবে। এরপর চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো পর্যন্ত দুই পক্ষের আলোচনা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অন্য বিষয় নিয়ে আলোচনায় যাওয়ার আগে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দুই পক্ষের মতপার্থক্যের অন্যতম কারণ হয়ে উঠেছে।
রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক সংঘাতের অবসান ঘটানো।