
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি পরিবহনের অভিযোগে মামলা হয়েছে
শুক্রবার (১৩ নভেম্বর) আদালতের নথি এবং যুক্তরাষ্ট্রের এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
ভার্জিনিয়ার ওয়ারেন্টন এলাকার বাসিন্দা কাইল ব্রেনানের বিরুদ্ধে ‘শিশু পর্নোগ্রাফি পরিবহন’-এর অভিযোগ আনা হয়েছে। আদালতে জমা দেওয়া ফৌজদারি অভিযোগপত্রে বলা হয়েছে, তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে ৮৮টি ছবি পাওয়া গেছে। এসব ছবিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার দৃশ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালে কাইলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রথমে শিশু নিখোঁজ ও নির্যাতনসংক্রান্ত জাতীয় কেন্দ্রের (এনসিএমইসি) নজরে আসে। পরে ওই বছরের জুলাইয়ে ভার্জিনিয়ার কর্তৃপক্ষ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। গত মাসে মামলাটির তদন্তভার এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
কাইল ব্রেনান বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তবে এ বিষয়ে তাঁর আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তাঁর বাবা জন ব্রেনানের একজন মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, জন ব্রেনান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক হিসেবে পরিচিত।