
ভারতের সিকিমের আকাশসীমায় প্রবেশ করে চীনের একটি সামরিক বিমান প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বরের এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা দিলেও বিমানটি তাৎক্ষণিকভাবে ফিরে যায়নি বলে দাবি করেছে একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম আউটলুককে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা বিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে নিজ দেশের আকাশসীমায় ফিরে যাওয়ার জন্য বারবার সতর্ক করা হয়। তবে এসব সতর্কবার্তা উপেক্ষা করে বিমানটি সেখানে অবস্থান করছিল বলে অভিযোগ।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। তবে সেটি কী ধরনের সামরিক বিমান ছিল, কোন পথ দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং ঠিক কখন ফিরে গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে সিকিমের ওই এলাকার কৌশলগত অবস্থানের কারণে। কারণ, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর পর্যবেক্ষণ করা সম্ভব। প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ড ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। কৌশলগত গুরুত্বের কারণে অঞ্চলটি ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।
সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এ ছাড়া ডোকলাম মালভূমির কাছাকাছি হওয়ায় এলাকাটি সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা তৈরি হয়েছিল।
ভারতীয় সীমান্তে চীনা সামরিক বিমানের তৎপরতার অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি একটি চীনা সামরিক বিমান উড়তে দেখা যায়। এর আগে ২০২০ সালে লাদাখে উত্তেজনার সময়ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে চীনা সামরিক হেলিকপ্টারের উপস্থিতি দেখা গিয়েছিল।
এ ছাড়া ২০১৭ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের নভেম্বরে লাদাখে চারটি চীনা হেলিকপ্টার প্রবেশের অভিযোগ ওঠে। সেগুলোর মধ্যে একটি হেলিকপ্টার প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেছিল।
সর্বশেষ ঘটনা সম্পর্কে ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করেছে আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে বিমানবাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।