
ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনেই রেকর্ডসংখ্যক প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছেছেন। ২০২০ সালের পর থেকে এক দিনে এই দ্বীপপুঞ্জে এত বেশি অভিবাসী পৌঁছানোর ঘটনা এটিই প্রথম। রোববার সামুদ্রিক উদ্ধারকারী একটি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় মোট ১৪টি নৌকা থেকে ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের এই দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সামুদ্রিক উদ্ধারকারী সংস্থাটি জানিয়েছে, এর আগে এক দিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী উদ্ধারের রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।
চলতি বছরের এ সময় গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসীদের আগমনের হার কিছুটা কম থাকলেও গত মাসে তা হঠাৎ বেড়ে যায়। এর ফলে ক্যানারি দ্বীপপুঞ্জের কয়েকটি অঞ্চলে, বিশেষ করে ছোট ও কম জনবসতিপূর্ণ দ্বীপগুলোর অভ্যর্থনা কেন্দ্র এবং জরুরি সেবা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার উদ্ধার করা একটি নৌকায় ১২ জন নারী ও ৩৬ শিশুসহ মোট ২৪০ জন যাত্রী ছিলেন। পরে তাদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশই আফ্রিকার সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক।
এল হিয়েরোতে মোট ১২টি নৌকা পৌঁছেছে। এ ছাড়া গ্রান ক্যানারিয়ায় একটি এবং টেনেরিফে আরও একটি নৌকা ভিড়েছে। অভিবাসীদের আকস্মিক এই ব্যাপক আগমন নিয়ে আলোচনা করতে রোববার এল হিয়েরো দ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে পরিচিত। প্রতিকূল সমুদ্র, প্রবল স্রোত এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছানোর আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন।
সাধারণত শরৎকালে এই রুটে সমুদ্রের আবহাওয়া তুলনামূলক শান্ত ও অনুকূল থাকে। এ কারণে বছরের এই সময়ে অভিবাসীদের আগমনের প্রবণতা বেড়ে যায়। স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমনের হার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।
সূত্র: রয়টার্স