
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, বর্তমানে সীমিত পরিসরে চালু থাকা ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “এখন মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু আছে, তবে পর্যটনসহ অন্যান্য ভিসা বন্ধ রয়েছে। এগুলো পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে।”
অনিরুদ্ধ দাস আরও বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে নতুন সরকারের গঠনের পর পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি দুই দেশের সম্পর্ককে উল্লেখ করে বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। জনগণই এই সম্পর্কের মূল অংশীদার। ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকেও দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।”