
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর প্রস্তুতি পরিদর্শনে গাজীপুর জেলা ভ্রমণ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। এ সময় তিন বাহিনী প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো খতিয়ে দেখেন।
আজ (৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মতবিনিময়কালে নির্বাচনের শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়। তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
সফরের অংশ হিসেবে তারা ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
পরিদর্শনে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।