
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিবেশ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া বোঝার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শোনেন ইইউ প্রতিনিধিরা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও বৈঠকে অংশ নেন। সংক্ষিপ্ত এই আলোচনায় আসন্ন নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরা হয়। ইইউ মনে করে, সমাজের সব অংশীজনের সঙ্গে সংলাপের ভিত্তিতে একটি সুপরিকল্পিত মূল্যায়ন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।