
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন প্রক্রিয়ার বর্তমান পরিবেশকে “খুবই ইতিবাচক” বলে মন্তব্য করেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে সন্তোষজনক উল্লেখ করে ইভারস আইজাবস জানান, আজ থেকেই ইইউর স্বল্প মেয়াদি পর্যবেক্ষকরা মাঠপর্যায়ে কাজ শুরু করবেন।
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক। যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার। তবে, মোটা দাগে পরিবেশ আশাব্যঞ্জক।”
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত থাকবে।