
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়ে আসছে, আর সংশ্লিষ্টরা আশা করছেন ভোটাররা নিরাপদ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটকেন্দ্রে যাওয়ার আগে কিছু বিষয় জানা থাকলে ভোট প্রদানের প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত হয়। ভোট দিতে গেলে জানা প্রয়োজন—নির্ধারিত ভোটকেন্দ্র, ভোটার তালিকার ক্রমিক নম্বর, ব্যালটপেপার পূরণ ও ভাঁজের নিয়ম এবং নির্দিষ্ট ব্যালট বাক্সে জমা দেওয়ার পদ্ধতি। এসব জানা থাকলে কেন্দ্রে কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।
ভোট সংক্রান্ত তথ্য জানার উপায়
১. মোবাইল অ্যাপ: নির্বাচন কমিশনের ‘Smart Election Management BD’ অ্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও অন্যান্য তথ্য সহজেই পাওয়া যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যায়।
২. হটলাইন: ১০৫ নম্বরে কল করে ভোটকেন্দ্র ও ক্রমিক নম্বর জানা সম্ভব। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে।
৩. ওয়েবসাইট ও স্থানীয় অফিস: নির্বাচন কমিশনের ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। ভোটকেন্দ্রেও ভোটার তালিকা দেখা যাবে।
ভোট দিতে গিয়ে মনে রাখার বিষয়
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা ভালো, তবে বাধ্যতামূলক নয়। এনআইডি থাকলে ভোট দেওয়া আরও সহজ হয়।
দাহ্য পদার্থ বা অস্ত্র ভোটকেন্দ্রে প্রবেশের সময় নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
ভোটার তালিকায় নাম ও ছবি থাকলে এবং পোলিং অফিসার পরিচয় নিশ্চিত করলে ভোট দিতে কোনো সমস্যা হবে না।
এই প্রস্তুতি নিয়ে ভোটাররা নিশ্চিন্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং উৎসবমুখর পরিবেশে ভোটের অংশীদার হবেন।