
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং এফএস বিক্রম মিশ্রি ঢাকায় আসছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন। তবে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। মোদির পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং এফএস বিক্রম মিশ্রি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে গত শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।
কূটনৈতিক সূত্র জানায়, ফেব্রুয়ারিতে দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেয়ার পূর্বনির্ধারিত সূচির কারণে মোদির ঢাকা সফর সম্ভব হচ্ছে না। ওই সামিটে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০ দেশের শীর্ষ নেতা। সামিটে মোদি ও ম্যাখোঁর মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক মহলের ধারণা, এটি আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য এবং ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা স্পষ্ট করতে সহায়ক হতে পারে।