
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণের সঙ্গে সমসাময়িকভাবে তার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন শুরু করবেন।
প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে দুপুরের খাবার গ্রহণের পর বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক এবং বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।