
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার একটি বড় চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে—জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং মন্ত্রিসভা সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। প্রতিটি পদক্ষেপে গণতন্ত্রের চর্চা থাকবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়কে একটি ‘ডাইনামিক মিনিস্ট্রি’ হিসেবে গড়ে তোলা হবে। মানুষের মৌলিক সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে গুরুত্বের সঙ্গে। আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরপরই সবকিছু স্বাভাবিক হয়ে যায় না। তবে দেড় বছরের মাথায় একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া বড় অর্জন। নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতি দূর করাই সরকারের মূল লক্ষ্য।
বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার খবর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, তবে সেগুলোকে সাধারণীকরণ করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশে গণতন্ত্রে উত্তরণের যে পথ তৈরি করে দিয়ে গেছে, নির্বাচিত সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে জনকল্যাণে কাজ করবে।