.jpg)
সরকার দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব।
কমিটির মূল দায়িত্ব হলো ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য উপযুক্ত নকশা তৈরি এবং সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ। প্রাথমিকভাবে দেশের প্রতিটি বিভাগের একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে কার্ড প্রবর্তন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নারীদের জন্য বিদ্যমান অন্যান্য কোনো কর্মসূচি এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা কমিটি পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের সংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস তৈরির সুপারিশও করবে কমিটি।
সরকারের লক্ষ্য আগামী ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা। সেই লক্ষ্যে কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজন অনুসারে সভা আহ্বান করতে পারবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনবোধে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও রাখবে।