
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি তিস্তার পানি ব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, এ প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশ সরকার সম্মতি দিলেই যেকোনো সময় কাজ শুরু করা সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যে বাংলাদেশের—সেটিও স্পষ্ট করে দেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইয়াও ওয়েন বলেন, নতুন সিদ্ধান্ত ও উদ্যোগ বাংলাদেশের কর্মক্ষেত্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ টেনে চীনা এ কূটনীতিক বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। এ সম্পর্কে অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে সাপোর্ট করি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পাশে আছে চীন। তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে বিশ্বাসী চীন।
সাবেক প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন, এ ধরনের উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।