
আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন বসবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশ জারি করা হয়।
সংসদীয় প্রথা অনুযায়ী, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।