.png)
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের খবরে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শোকসন্তপ্ত ইরানিদের প্রতি বাংলাদেশের গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। রোববার ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয়, এই হামলায় খামেনিসহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন।
বাংলাদেশ কোনো দেশের নাম উল্লেখ না করেই জানিয়েছে, সংঘাতের মাধ্যমে কোনো সংকট সমাধান সম্ভব নয়। বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন সমুন্নত রেখে আলোচনাই একমাত্র সমাধান।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আগেও সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিন্দা জানিয়েছিল।