
ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিল পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। যাত্রীদের উদ্দেশে আইজিপি পরামর্শ দেন, কেউ বাড়তি ভাড়া দাবি করলে তা সরাসরি পুলিশকে জানাতে। তিনি বলেন, “ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
আইজিপি আলী হোসেন ফকির জানান, ঈদের সময় মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অনিয়মিত পার্কিং ও অপ্রয়োজনীয় কারণে সৃষ্ট যানজট কমাতে ট্রাফিক বিভাগকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সড়কে অতিরিক্ত চাপ তৈরি না হয়। স্থানীয় পর্যায়েও যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যানজট বাড়ে। সবার সম্মিলিত সচেতনতা থাকলে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।