
সরকার দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। এবার যাদের অবৈধ তেল মজুত বা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট তারা শনাক্ত করতে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।”
এতে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য সরবরাহকারী প্রতিটি নাগরিককে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিষয়ে সহায়তা করার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।