
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, দলীয় বিবেচনায় দায়িত্ব পেলেও এসব প্রশাসককে জবাবদিহিতার মধ্যে রাখা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এসব প্রশাসক নির্বাচনে অংশ নিতে পারেন, তাই নিজেদের স্বার্থেই তারা নিরপেক্ষ আচরণ বজায় রাখবেন।
মীর শাহে আলম জানান, জেলা পরিষদসংক্রান্ত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। সেই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলেও তিনি পুনরায় উল্লেখ করেন।
এ সময় তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।