
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অদক্ষ ব্যক্তিদের হাতে পড়লে জনগণকে ভোগান্তি পোহাতে হয়। অভিজ্ঞতার অভাবে বিগত অন্তর্বর্তী সরকার জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ড. ইউনূস বিশ্বখ্যাত ব্যক্তি হলেও তার সরকারের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গেছে। হামের টিকা না আনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলেও তিনি দাবি করেন।
তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ছিল উল্লেখ করে তিনি বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে। দেশের সামরিক বাহিনীও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন দেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরেছে।
তিনি আরও বলেন, রাষ্ট্র এখন গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এগোবে এবং এতে জাতি সমৃদ্ধ হবে।
সংবিধান প্রসঙ্গে স্পিকার বলেন, কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই দেশের ভাগ্য নির্ধারণ করবে। তবে অন্তর্বর্তী সরকার কিছু উদ্ভট নিয়ম করে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি জুলাই সনদে সই করেছে উল্লেখ করে তিনি বলেন, সংসদেও বলা হয়েছে এটি বাস্তবায়ন করা হবে। তবে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেট পেলে সংশ্লিষ্ট দলগুলো তাদের মতামত বাস্তবায়ন করতে পারবে।
সরকারি দল ও বিরোধী দলের মধ্যে খুব বেশি মতভেদ নেই জানিয়ে স্পিকার বলেন, উভয় দলই চায় দেশে যেন আর মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না ঘটে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে।