
তিন দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।
শনিবার (১৮ এপ্রিল) তিনি ঢাকায় পৌঁছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন।
মার্কিন দূতাবাস ঢাকা জানিয়েছে, সফরকালে শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন বিশেষ দূত হার্ডার।
বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তর-এ দায়িত্ব পালন করা হার্ডার বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছেন। তার দপ্তর খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে গুরুত্ব দিয়ে থাকে।
২৫ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় যুক্ত থাকা হার্ডার ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।