
তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আনতালিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। বিএনপি সরকার গঠনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের এটি প্রথম বৈঠক বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসহাক দার জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, আঞ্চলিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করেছে।
ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ড. খলিলুর রহমান পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা কমাতে তাদের কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এতটাই বিস্তৃত যে কোনো দেশ একা তা থেকে নিজেদের রক্ষা করতে পারবে না। এজন্য আঞ্চলিক সহযোগিতা আরও জরুরি।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সেখানে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত।
এই সম্মেলনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংহতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
ড. খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সফরে তুরস্কে আছেন। সম্মেলন শেষে তিনি ব্রাসেলস এবং পরে ইথিওপিয়া সফর করবেন বলে জানা গেছে।