
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়া পাচ্ছে সিটি করপোরেশনের স্বীকৃতি। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এই সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে, প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেনের বরাত দিয়ে জানানো হয়েছে, ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় বগুড়া পৌরসভার পরিধি বাড়িয়ে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়। তখন এর আয়তন দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সেই সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ও বগুড়াবাসীর পক্ষ থেকে একাধিকবার এই দাবি উত্থাপন করা হলেও তা আলোর মুখ দেখেনি।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা নতুন করে এ প্রস্তাব উত্থাপন করেন। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বগুড়ায় এসে জানিয়েছিলেন, ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। তবে সেই সময়সীমা অনুযায়ী ঘোষণা আর হয়নি।
এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদের সই করা এক নোটিশে জানানো হয়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণসহ আটটি উন্নয়ন প্রস্তাব প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে অনুমোদন পেয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে সিটি করপোরেশন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।