
দেশজুড়ে দ্রুত বিস্তার ঘটিয়ে হামের সংক্রমণ এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতোমধ্যে দেশের ৫৮টি জেলায় এই রোগ ছড়িয়ে পড়েছে, যা মোট জেলার প্রায় ৯১ শতাংশকে ঝুঁকির মধ্যে ফেলেছে। পরিস্থিতিকে জাতীয় পর্যায়ের বিস্তৃত সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ অব্যাহত থাকা, বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ শিশু, রোগ প্রতিরোধে ঘাটতি এবং সন্দেহজনক মৃত্যুর ঘটনা মিলিয়ে পরিস্থিতি উচ্চ ঝুঁকির দিকে এগোচ্ছে।
তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় অংশই রাজধানী ঢাকা এলাকায়। বিশেষ করে ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, করাইল, মিরপুর ও তেজগাঁও শিল্প এলাকা এবং বিভিন্ন বস্তিতে সংক্রমণের হার বেশি। রাজধানীর বাইরে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনাতেও উল্লেখযোগ্য হারে রোগটি ছড়াচ্ছে।
আক্রান্তদের মধ্যে প্রায় ৭৯ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। এর মধ্যে ২ বছরের নিচে শিশু রয়েছে ৬৬ শতাংশ এবং ৯ মাসের কম বয়সী শিশু ৩৩ শতাংশ। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে টিকা না নেওয়া শিশুদের মধ্যে।
বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ বা অন্যান্য কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে দ্রুত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতা দ্রুত দেখা দিচ্ছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলছে।