
বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিরোধী দলের অনেক সদস্যই সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না। কোন বিধিতে কীভাবে বক্তব্য দিতে হয় বা কোন ইস্যুতে কীভাবে অবস্থান নিতে হয়—সেসব বিষয়ে তাদের ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দলের সদস্যদের দক্ষ ও পরিপক্ব করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালা আয়োজন করা যেতে পারে, যাতে তারা সংসদীয় রীতিনীতি ভালোভাবে রপ্ত করতে পারেন।
বিরোধী দলের সমালোচনা করে সেতুমন্ত্রী আরও বলেন, একটি দল দীর্ঘদিন ধরে জনগণের ভোট ছাড়া রাজনীতি করছে এবং তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল। তিনি দাবি করেন, নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা সফল হবে না।
মন্ত্রী বলেন, দেশের মানুষ ২০২৬ সালের নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং জুলাই সনদের পক্ষে ব্যাপক সমর্থন জানিয়েছে। তার মতে, বিরোধী দলের উচিত গঠনমূলক রাজনীতিতে ফিরে আসা।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, এই সংগ্রামে তিনি নিজে বহু মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
শেষে তিনি বিরোধী দলকে সতর্ক করে বলেন, জনসমর্থনহীন রাজনীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা না নিলে তারা ইতিহাসের বাইরে ছিটকে পড়বে।