
সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ইতালির সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. আন্তোনিও আলেসান্দ্রো।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
এ সময় আইজিপি সাইবার নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদানে ইতালির সহায়তা কামনা করেন। পাশাপাশি দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।