
রাষ্ট্রক্ষমতা বদলের পর এক নতুন রাজনৈতিক আবহে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আজ অধিবেশনের শুরুতেই উপস্থিত সংসদ সদস্যদের আন্তরিক সম্ভাষণ জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন মন্তব্য করেন, "আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে।"
নারী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সংসদ কক্ষ প্রাণবন্ত হয়ে উঠেছে উল্লেখ করে স্পিকার আরও বলেন, "সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানাই।" শুভেচ্ছা বক্তব্য পর্ব শেষ হওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিনের আমন্ত্রণে সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান পবিত্র মোনাজাত পরিচালনা করেন।
প্রসঙ্গগত, গত ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করার পর এটিই দলটির প্রথম বাজেট অধিবেশন।
আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে এই ঐতিহাসিক অধিবেশনের সূচনা ঘটে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১১ জুন এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।