
খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টায় গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর নির্ধারিত ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।
কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে সফরের কর্মসূচি শুরু করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ।
এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি কক্সবাজারে তারেক রহমানের প্রথম সরকারি সফর।