
জাতীয় সংসদে নিজের দেওয়া বক্তব্যে ‘কাঁচা রাস্তা’ শব্দগুচ্ছ ব্যবহারের পেছনে মূল কারণ কী ছিল, তা স্পষ্ট করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। সম্প্রতি তার এই বক্তব্যটি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হওয়ার পর তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।
গত বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির এই আহ্বায়ক নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেন।
বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জেবা আমিন খান বলেন,
"আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলবো? ডার্ট রোড? অর আনপেইভড রোড? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।"
রংপুর-৬ আসনের উদাহরণ টেনে এই সংসদ সদস্য আরও বলেন,
"আমাদের রংপুর-৬ এর যিনি সংসদ সদস্য, তিনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করে এমপি বলেন, আমি রংপুর-৬ এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করেছি।"
এর আগে, গত মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে নিজের বক্তব্যে দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার এই করুণ দশার জন্য সরাসরি দুর্নীতিকে দায়ী করেছিলেন জেবা আমিন খান। তিনি অভিযোগ করেন যে, বিদায়ী বা পূর্ববর্তী সরকারের আমলে কাগজে-কলমে বড় বড় মেগা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলেও, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে বা তৃণমূল পর্যায়ে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি।
তার দাবি, রুট লেভেলে সঠিক তদারকি ও কাজের অভাবে দেশের নানা প্রান্তে এখনো গ্রামীণ কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে, যার কারণে সাধারণ জনগণকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে দেশের চলমান পরিস্থিতি সংস্কার ও সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ারও আহ্বান জানান এই নারী সংসদ সদস্য।