
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের মুখে নিজের ভুল স্বীকার করেছেন। জাতীয় সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে তিনি স্পিকারকে জানিয়েছেন।
জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য নিয়ে সমালোচনার পর তা ভুল ছিল বলে স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম। রোববার (২১ জুন) সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
গত ১৪ জুন বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের এই সংসদ সদস্য বলেছিলেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তবে পরে নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, তার জন্ম ১৯৮১ সালে, যা মুক্তিযুদ্ধের এক দশক পরের ঘটনা। একই সঙ্গে তার বাবা বর্তমানে জীবিত আছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বিষয়টি উত্থাপন করেন। তিনি দাবি জানান, সংসদে দেওয়া ওই অসত্য বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক।
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, আবদুল মুনতাকিম তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি ব্যাখ্যা করেছেন। স্পিকারের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য স্বীকার করেছেন যে বক্তব্যটি মুখ ফসকে বলা হয়েছিল এবং তার বাবা জীবিত আছেন।
স্পিকার বলেন, ঘটনাটি একটি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচিত হয়েছে। সে কারণে সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।