
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এ কর্মসূচি এক বছরব্যাপী চলবে এবং আগামী বছরের ২৫ মে পর্যন্ত বহাল থাকবে।
রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন, যা সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে, তাতে এ ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘নজরুল বর্ষ’ চলতি বছরের ২৫ মে থেকে কার্যকর হিসেবে গণ্য হবে এবং ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এর মেয়াদ থাকবে।
এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বছরের জন্য ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার সরকার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল।
জাতীয় কবির জীবন, সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।